1. imahfujul520@gmail.com : admin :
শিরোনাম:
ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যে যুক্তরাষ্ট্রের ‘অন্ধ’ আস্থা? ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক অবসরের টাকা পাচ্ছেন শিক্ষকরা, ঘুচছে বছরের পর বছর প্রতীক্ষার ক্লান্তি! ডারউইন-বিজয় ও বদলে যাওয়া বাংলাদেশ: অ্যাওয়ে টেস্টে পরাশক্তি হয়ে ওঠার রূপকথা বায়োটিন সাপ্লিমেন্ট: চুল পড়ায় কতটা উপকারী ? ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তে পুলিশকে আদালতের নির্দেশ আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জাহের আলভীকে চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দীপন গ্রেপ্তার ইনস্টাগ্রামের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে একাধিক অ্যাকাউন্ট দখল

চার দিনে মাজারে দানের পরিমাণ ছাড়াল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯০ বার পঠিত

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগে জমা হওয়া অর্থ প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। গণনা শেষে জানা গেছে, মাত্র চার দিনে দান হিসেবে জমা পড়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এছাড়া পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও।

সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের ওয়াকফ কর্মকর্তা মো. সজল মিয়া জানান, মাজারের তিনটি ডেগ এবং একটি দানবাক্সে থাকা অর্থ গণনা করে এই পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে। পাশাপাশি প্রায় ৭ তোলা স্বর্ণ এবং বিভিন্ন দেশের মুদ্রাও উদ্ধার করা হয়েছে। এসব বৈদেশিক মুদ্রার মধ্যে সৌদি রিয়াল, মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড রয়েছে। এছাড়া স্বর্ণের চেইন, আংটি ও অন্যান্য ছোট স্বর্ণখণ্ডও পাওয়া গেছে।

সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে এই অর্থ গণনার কার্যক্রম চলে। পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের উপস্থিতিতেই সম্পন্ন হয়।

এর আগে গত ১৮ জুন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত তিনটি ঐতিহাসিক ডেগ সিলগালা করা হয়। নিরাপত্তার স্বার্থে সেখানে আনসার সদস্যও মোতায়েন করা হয়েছিল।

বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণার পরদিনই সদ্য বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে এই প্রকাশ্য অর্থ গণনার আয়োজন করা হয়। প্রায় সাত শতাব্দীর পুরোনো প্রথার বাইরে গিয়ে এমন উদ্যোগ নেওয়ায় ঘটনাটি ঘিরে মাজার এলাকায় ব্যাপক আগ্রহ দেখা যায়। গণনা চলাকালে বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হন এবং অনেককে মিছিল করতেও দেখা যায়। তারা জেলা প্রশাসকের উদ্যোগের প্রশংসা করেন।

তবে অর্থ গণনার সময় মাজার ব্যবস্থাপনা কমিটির কোনো কর্মকর্তা সরাসরি উপস্থিত না থাকলেও তাদের প্রতিনিধিরা সেখানে ছিলেন বলে জানা গেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে পুরো মাজার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গণনা শেষে ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া জানান, দান হিসেবে পাওয়া সব অর্থ সোনালী ব্যাংকে শাহজালাল (রহ.) মাজারের নামে থাকা হিসাব নম্বরে জমা করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অর্থের সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গণনার সময় জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকলেও কার্যক্রম শেষ হওয়ার আগেই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে স্থান ত্যাগ করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একই ধরনের আরো সংবাদ
© 2026 Justice BD. All rights reserved.

You cannot copy content of this page